ভারতকে আটকাতে পাকিস্তানকে অস্ত্র করছে চিন? অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন রিপোর্টে বিস্ফোরক দাবি!
এশিয়ায় ভারতের শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন চিন! ভারতকে আটকাতে একদিকে সীমান্তে উত্তেজনা তৈরি করা, অন্যদিকে পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে সাহায্য করার কৌশল নিয়েছে বেজিং। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টে। শুধু তা-ই নয়, ২০২৫ সালের অপারেশন সিঁদুর-এর সময়ও চিন সক্রিয় ভাবে পাকিস্তানকে সাহায্য করেছিল বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।সম্প্রতি প্রকাশিত হয়েছে মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ২০২৬ সালের বার্ষিক রিপোর্ট। সেখানে বলা হয়েছে, আমেরিকার পাশাপাশি চিনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো ক্ষমতা রয়েছে এমন দেশের সংখ্যা খুব বেশি নয়। সেই তালিকায় অন্যতম ভারত। ভারতের শক্তি বাড়লে এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি, পণ্য উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে চিনের উপর বিশ্বের নির্ভরতাও কমতে পারে। ভারত হয়ে উঠতে পারে চিনের বিকল্প।রিপোর্টে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে, তা চিনও বুঝতে পারছে। তাই ভারতের অগ্রগতি আটকাতে নানা কৌশল নিচ্ছে বেজিং। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনীতির ক্ষেত্রেও ভারতকে চাপে রাখার চেষ্টা করছে চিন।মার্কিন কমিশনের দাবি, শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, প্রযুক্তি এবং কারিগরি দক্ষতার উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়াচ্ছে চিন। এর ফলে ভারতের নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার পথে বাধা তৈরি হচ্ছে। পাশাপাশি, ভারতের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাঁচামাল রফতানির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে বেজিং। এর মাধ্যমে ভারতের উপর অর্থনৈতিক চাপ তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করছে কমিশন।রিপোর্টে চিন ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পাকিস্তানের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থন ভারতের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে। অর্থাৎ, একদিকে চিনের সঙ্গে সীমান্ত সমস্যা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কা দুই দিক থেকেই চাপের মুখে পড়তে পারে ভারত।এই প্রসঙ্গে ২০২৫ সালের মে মাসে হওয়া অপারেশন সিঁদুর-এর কথাও উল্লেখ করা হয়েছে। রিপোর্টের দাবি, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও কী ভাবে চিন পাকিস্তানকে সামরিক ভাবে সাহায্য করতে পারে, সেই সংঘাত তার উদাহরণ। চলতি বছরের শুরুর দিকে চিনও প্রথম বার স্বীকার করেছিল যে, ওই সংঘাতের সময় তারা পাকিস্তানকে সরাসরি সাহায্য করেছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।ভারত মহাসাগরেও চিনের বাড়তে থাকা প্রভাব নিয়ে সতর্ক করেছে মার্কিন কমিশন। রিপোর্টে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলিতে নিজেদের প্রভাব বাড়িয়ে ভারতের কৌশলগত সুবিধা কমানোর চেষ্টা করছে বেজিং। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও চিনের উপস্থিতি বাড়ছে। ফলে এই অঞ্চলে ভারতের প্রভাব ও নিরাপত্তার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।সব মিলিয়ে, এশিয়ায় ভারতের শক্তি বৃদ্ধি চিনের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে বলেই দাবি মার্কিন কংগ্রেসের এই রিপোর্টে। সীমান্ত, অর্থনীতি, সামরিক সম্পর্ক এবং ভারত মহাসাগর একাধিক ক্ষেত্রে চিনের কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

